প্রথম ডেক্স
বিশেষ প্রতিনিধি: আসন্ন ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডভিত্তিক গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক সজীব। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর সঙ্গে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক সজীব। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ, নাগরিক সমস্যা ও স্থানীয় মানুষের প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এনামুল হক সজীব এর আগে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোসহ এলাকার দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় বিভিন্ন সময়ে ভূমিকা রেখেছেন তিনি। এ ছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে নানা সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন।
নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক উঠান বৈঠকের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী। এসব বৈঠকে স্থানীয়দের সমস্যা, প্রত্যাশা ও উন্নয়নভাবনা জানার পাশাপাশি তাঁদের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।
ওয়ার্ডভিত্তিক এই গণসংযোগ ও উঠান বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিচ্ছেন এনামুল হক সজীব।