
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় অস্ত্র হাতে মহড়া দিয়ে আলোচনায় আসা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি মো. শিবলু ওরফে ‘বুলেট শিবলু’কে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাতে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিবলু ওই এলাকার নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় গত ৫ সেপ্টেম্বর নগরের পাঁচলাইশ মডেল থানায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে (৪০) প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদ। গ্রেপ্তার শিবলু ওই মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি।
এ ছাড়া আনোয়ারা থানায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের ওপর দুই দফায় হামলার ঘটনা ঘটে। ওই মামলারও ১ নম্বর আসামি শিবলু। সম্প্রতি ঈদের ছুটিতে গ্রামে আসা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্সে কর্মরত সদস্য মো. আরিফুল ইসলামকে মারধর, মুঠোফোন ছিনতাই ও হেনস্তার অভিযোগ রয়েছে তার ও সহযোগীদের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, গতবছরের ২৮ ফেব্রুয়ারি অস্ত্র হাতে শিবলুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে স্থানীয় রাজনৈতিক আশ্রয়ে এলাকায় ফিরে একটি শক্তিশালী কিশোর গ্যাং গড়ে তোলেন। প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। রাত নামলেই শিবলু ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠত এলাকাবাসী।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বিশেষ অভিযান চালিয়ে শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক নিয়মিত মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।