প্রথম ডেক্স
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(২৭ অক্টোবর) মঙ্গলবার বিকেলে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং মোড় থেকে র্যালিটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক প্রদক্ষিণ করে জামালপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এর আগে শিকলবাহা ক্রসিংয়ের মেগা কনভেনশন হলের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মাহফুজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন,জাতীয়তাবাদী যুবদল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও রাজপথের আন্দোলন-সংগ্রামে যুবদলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে উন্নয়ন কার্যক্রম চলছে, তা সফল করতে তৃণমূলের নেতাকর্মীদের আরও সক্রিয় হতে হবে। সংগঠনের মধ্যে কোনো বিভেদ না রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।
চট্টগ্রাম দক্ষিণ যুবদলের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. আজগরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহাজান চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক,সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান প্রমূখ সহ অনেকেই।
সভাপতির বক্তব্যে মো. শাহজাহান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য নতুন করে সাংগঠনিক শপথ নেওয়ার দিন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, দলের প্রতিটি নেতাকর্মীকে শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে। কোনো ষড়যন্ত্র বা বাধা আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন থেকে পিছিয়ে দিতে পারবে না।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুর থেকে কর্ণফুলীর শিকলবাহা ক্রসিং মোড় যুবদলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। র্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার সড়ক প্রদক্ষিণ করে কলেজ বাজার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।