বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মৈত্রীর বার্তা জানিয়েছে চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী লোকজ সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।
একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠিত এ সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, প্রবারণা পূর্ণিমা মানুষের জীবনে শান্তি, সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার অনন্য উপলক্ষ। এ উৎসব জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য সুদৃঢ় করতে অনুপ্রেরণা জোগায়।
বার্তায় সংগঠনের প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঢোলবাদক ও বিনয়বাঁশী জলদাসের সুযোগ্য পুত্র বহুমাত্রিক লোকশিল্পী বাবুল জলদাস, ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার এবং প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, প্রয়াত বিনয়বাঁশী জলদাসের নাতি শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস প্রবারণা পূর্ণিমার শুভক্ষণে জগতের সকল প্রাণীর সুখ, শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন।
তাঁরা আশা প্রকাশ করেন, শুভ প্রবারণা পূর্ণিমা সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনবে এবং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় করবে।