ইয়াসির আরাফাত,হাকিমপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে, সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে হাকিমপুর পৌর বিএনপি কর্তৃক আয়োজিত “মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ০৯ অক্টোবর ২০২৬ বিকেল ০৩টায় উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হাকিমপুর পৌরসভার ০৪ নং ওয়ার্ড ও ০৯ নং ওয়ার্ড অংশগ্রহণ করেন। উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেড এম জাহিদ হোসেন এমপি, ১১ দিনাজপুর -৬। হাকিমপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোত্তালেব খান মিঠুর সভাপতিত্বে উক্ত ফুটবল টুর্নামেন্টে সমাজকল্যাণমন্ত্রীর সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্ণাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। আগত অন্যান্য অতিথিদের মধ্যে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর -ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাদশা আলম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী ইমাম উপস্থিত ছিলেন। এছাড়াও হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ফরিদ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, মহিলা দলের সভাপতি আক্তারা চৌধুরী,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, হাকিমপুর পৌর যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রাজ সহ উপজেলা ও পৌর বিএনপির অন্যন্য নেতৃবৃন্দ ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে আসেন। হিলি মটরস এর সত্ত্বাধিকারী জুয়েল হোসেনের সৌজন্যে ও হাকিমপুর পৌর বিএনপির আয়োজনে উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পৌরসভার ০৯ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়। পরবর্তীতে সমাজকল্যাণমন্ত্রী এবং দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এজেড এম জাহিদ হোসেন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।