
তরুণ বিশ্বাস,কলকাতা—
শিশুর অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রয়োজনে আইনগত সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা এই চার ক্ষেত্রেই সমন্বিত উদ্যোগের উপর জোর দিল উত্তর ২৪ পরগনা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ডিএলএসএ বারাসতের রবীন্দ্র ভবনে ডিএলএসএ-র উদ্যোগে এবং চাইল্ড রাইটস অ্যান্ড ইউ সিআরওয়াই এর সহযোগিতায় অনুষ্ঠিত হল জেলা-স্তরের সমন্বয় সভা। এই সভায় প্রশাসন,পুলিশ, স্বাস্থ্য,শিক্ষা,শিশু সুরক্ষা ব্যবস্থা,আইনি পরিষেবা-সহ বিভিন্ন ক্ষেত্রের আধিকারিক ও প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা ও দায়রা বিচারক তথা ডিএলএসএ-র চেয়ারম্যান সুকুমার রায়,ডিএলএসএ-র সচিব মোহাম্মদ নুরজামান খান, পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্রতিনিধি স্বাতী মল্লিক এবং জুভেনাইল জাস্টিস বোর্ডের প্রধান বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট নীলাঞ্জনা সাহা। সভায় বিশেষ গুরুত্ব পায় বাল্যবিবাহ প্রতিরোধ ডিএলএসএ র সচিব নুরজামান খান বলেন, হিঙ্গলগঞ্জ, সন্দেশ খালি,গোপাল নগর ও বাগদার মতো প্রত্যন্ত ও সীমান্তবর্তী এলাকায় বাল্যবিবাহ রুখতে আরও সক্রিয় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাঁর কথায়, “শিশুরা দফতরের সীমানা বোঝে না; তাদের সুরক্ষার জন্য আমাদেরই একসঙ্গে কাজ করতে হবে।”
জেলা ও দায়রা বিচারক সুকুমার রায়ও স্পষ্ট করেন, শিশুদের নিরাপত্তা কোনও একটি দফতরের একার দায়িত্ব নয়। পুলিশ, প্রশাসন,স্বাস্থ্য,শিক্ষা, শিশু সুরক্ষা ও আইনি পরিষেবা ব্যবস্থাকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বাল্যবিবাহ, শিশুর উপর নির্যাতন, অপরাধের শিকার শিশুদের সহায়তা, বিনামূল্যে আইনগত পরিষেবা,পুনর্বাসন এবং শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মাঠপর্যায়ে কর্মরত পুলিশ, অঙ্গনওয়াড়ি, আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের ভূমিকাও উঠে আসে আলোচনায়।