মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
“খেলাধুলায় বাড়ে বলে, মাদক ছেড়ে খেলতে চলে” এই শ্লোগানে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে (প্রস্তাবিত) আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৭অক্টোবর (বুধবার) বিকাল ৪ টায় উপজেলার মাইনীমুখ বাজার প্রস্তাবিত মিনি স্টেডিয়াম মাঠে স্থানীয় যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মাইনীমুখ পরিবারের আয়োজনে প্রস্তাবিত মাইনীমুখ ইউনিয়ন মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।
লংগদু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছৈয়দ ইউনুস এর সভাপতিত্ব ও বাজার সেক্রেটারি জসিম উদ্দিনের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লংগদু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্বাস উদ্দিন মিজি, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও মাইনীমুখ বাজার সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম মেম্বার, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, লংগদু সদর ইউনিয়নের মহিলা মেম্বার স্মরণিকা চাকমা প্রমূখ্য।
উদ্বোধনী ম্যাচে মাইনীমুখ ইউনিয়ন দুই শক্তিশালী দলের মাইনী কিংস একাদশ বনাম মাইনী এক্সপ্রেস একাদশ অংশ গ্রহণ করে। নির্ধারিত সময়ের খেলায় উভয়ের দলের পাল্টাপাল্টি আক্রমণেও কোন পক্ষই কাংখিত গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মাইনীমুখ কিংস ও মাইনী এক্সপ্রেসকে।