আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের বিলপুর গ্রামে শ্রীশ্রী রাস মহোৎসব উপলক্ষে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ) রাত ৮ টায় বিলপুর উৎসব প্রাঙ্গণে এই ধর্মসভা অনুষ্ঠিত হয়।
সভায় উৎসব কমিটির সভাপতি রাজু দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহেদ।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ধর্মসভায় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও ভক্তিমূলক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।
ধর্মসভায় বক্তারা বলেন, রাস মহোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে ভক্তি, প্রেম, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে পড়ে। ধর্মীয় মূল্যবোধ চর্চার পাশাপাশি সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
ধর্মসভা শেষে দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
বিলপুর গ্রামের রাস মহোৎসবকে ঘিরে স্থানীয় ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।