অরুন নাথ,পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
‘মানুষের সেবায় মানুষের পাশে,সুস্থ মানুষ সমৃদ্ধ পটিয়া’-এ স্লোগানে চট্টগ্রামের পটিয়ায় দুই হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে ‘পটিয়া সমিতি-ঢাকা’। ৭ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী এ চিকিৎসা সেবা চলে বিকেল ৪টা পর্যন্ত। পটিয়ার হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজে আয়োজিত চিকিৎসা ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, স্ত্রী ও প্রসূতি রোগ, লিভার ও পরিপাকতন্ত্র, ডায়াবেটিস, শিশুরোগ, চর্মরোগ, সার্জারি, ইউরোলজি, নাক-কান-গলা ও চক্ষুরোগ বিভাগের ৩০ জন চিকিৎসক অংশ নেন।
এর আগে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পটিয়া সমিতি-ঢাকার সভাপতি আলী নেওয়াজ। পটিয়া সমিতি-ঢাকার সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. ফরিদুল আলম, ডা. একেএম নাছির উদ্দীন, ডা. রেজাউল করিম, ডা. জালাল উদ্দীন আহমদ, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, পটিয়া সমিতির স্বাস্থ্য উপকমিটির আহ্বায়ক ডা. জামাল উদ্দীন, ডা. সৈয়দ সাইফুল ইসলাম প্রমুখ। দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও ওষুধ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, চিকিৎসা ক্যাম্পের পাশাপাশি পটিয়ার শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা বৃত্তিসহ নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে পটিয়া সমিতি-ঢাকা। এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পুরো পটিয়ায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এ ছাড়া পটিয়া থেকে যারা ঢাকায় চিকিৎসা নিতে যাবেন, তাদের জন্য সমিতির পক্ষ থেকে আলাদাভাবে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।