বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি -:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বিবৃতিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঢোলবাদক ও লোকশিল্পী বাবুল জলদাস, ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। তাঁরা উৎসবের আনন্দ ও সৌহার্দ্য ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের জীবনে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
বিবৃতিতে তাঁরা বলেন, শারদীয় দুর্গোৎসব ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এ উৎসব মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার বার্তা বহন করে। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির বন্ধনে সবাই একে অপরের পাশে দাঁড়ানোই হোক উৎসবের প্রকৃত তাৎপর্য।
তাঁরা আরও বলেন, একটি শান্তিপূর্ণ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়তে সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করা জরুরি। প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা ও উৎসব উদ্যাপনের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিভেদ ও বিদ্বেষ পরিহার করে ভালোবাসা, সহমর্মিতা এবং মানবিকতার চর্চার মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনবে এবং সমাজে সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে। তাঁরা দেশের সার্বিক উন্নতি, মানুষের সুখ-সমৃদ্ধি এবং সব সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিবৃতিতে তাঁরা সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করে বলেন, “জগতের সকল জীবের মঙ্গল হোক, মানবতার জয় হোক, সম্প্রীতি ও সৌহার্দ্যে গড়ে উঠুক শান্তিময় সমাজ।”
উল্লেখ্য, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী একটি লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। লোকজ ঐতিহ্য সংরক্ষণ, সংগীতচর্চা এবং দেশীয় সংস্কৃতির বিকাশে কাজ করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।