—তরুণ বিশ্বাস, কলকাতা–
– ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তির আবহে সোনারপুরে শ্রীশ্রী পরমব্রহ্মেশ্বরী কালিমাতা ঠাকুরানির নবনির্মিত মন্দির এবং কালী মায়ের নব্য বিগ্রহের শুভ প্রতিষ্ঠা অনুষ্ঠান আয়োজিত হলো। দেবীপক্ষের পুণ্যতিথিকে কেন্দ্র করে এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন শ্রী প্রজাপত্যানন্দ তীর্থনাথজী মহারাজের সেবিত শ্রীশ্রী পরম ব্রহ্মেশ্বরী কালিমাতা মন্দিরের উদ্যোক্তারা। ১৩ অক্টোবর মঙ্গলবার ২০২৬ এই শুভ প্রতিষ্ঠা অনুষ্ঠান অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হলো। প্রথমে এক বিশেষ হোম যজ্ঞের মাধ্যমে এই অনুষ্ঠানটির শুভ সূচনা হয়, এই মহাযজ্ঞের প্রতিটি আহুতিতে লোক কল্যাণের ও সমাজের সকল স্তরের মানুষের উন্নতি সাধনের সংকল্প করা হয়। এই মহৎ অনুষ্ঠানে বিভিন্ন গুণী ও জ্ঞানী মানুষের আগমন ঘটেছিল এছাড়াও উপস্থিত ছিলেন বাংলার চলচ্চিত্র জগতের বিভিন্ন নক্ষত্রেরা,শ্রী প্রজাপত্যানন্দ তীর্থনাথজী মহারাজের পরিচালনায় এই দিনের মহেন্দ্র ক্ষণে উপস্থিত ছিলেন স্বামী ইষ্টেশানন্দ মহারাজ,প্রধান শিক্ষক রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর। বাগবাজার সারদেশ্বরী আশ্রমের শ্রী বৃন্দাপুরী দেবী,শ্রী ভারতী পুরী দেবী । বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম সেরা ও জনপ্রিয় অভিনেত্রী অনামিকা সাহা ও তুলিকা বোস মহাশয়া সহ আরো অনেক সম্মানীয় ব্যক্তিত্ব। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সোনারপুরের রাধা গোবিন্দ পল্লীর ‘শ্রীশ্রী মায়ের বিভূতি’ কলকাতা–৭০০১৫০ ঠিকানায়। নবনির্মিত মন্দির এবং মর্মর বিগ্রহ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিশেষ উৎসাহের সঞ্চার হয়েছে। দেবী কালী মায়ের আরাধনা,ভক্তি ও আধ্যাত্মিক সাধনার পরিমণ্ডলে এই অনুষ্ঠান এক বিশেষ তাৎপর্য বহন করে নিয়ে চলেছে। মন্দিরের পক্ষ থেকে শুভানুধ্যায়ী, ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। মা কালীর আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি ও মঙ্গলময় হয়ে উঠুক এই প্রার্থনাই অনুষ্ঠানের মূল ভাবনা।