
—তরুণ বিশ্বাস,কলকাতা—
নতুন ফৌজদারি আইনের বিধানকে মাঠপর্যায়ে আরও কার্যকরভাবে প্রয়োগ করতে পুলিশ আধিকারিকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল বাসিরহাট পুলিশ জেলায়। ২৩ সেপ্টেম্বর বুধবার ২০২৬ বাসিরহাটের সংগ্রাম পুরে পুলিশ অফিসের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় নতুন আইনের ব্যবহারিক প্রয়োগের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশিক্ষণে অংশ নেন বাসিরহাট পুলিশ জেলার মাঠপর্যায়ের আধিকারিকরা।
প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম বক্তা তথা প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব জনাব এমডি নুরজামান খান। বাসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারের পক্ষ থেকে তাঁকে নতুন ফৌজ দারি আইনের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে পুলিশ আধিকারিকদের প্রয়োজনীয় আইনি দিকনির্দেশ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। কর্মশালায় বিশেষ গুরুত্ব পায় ভারতীয় ন্যায় সংহিতা,২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, ২০২৩। নতুন আইনের বিভিন্ন বিধান তদন্তের ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করতে হবে,প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখতে হবে এবং আদালতকেন্দ্রিক প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা কী তা নিয়ে আলোচনা হয়।
এছাড়াও ভুক্তভোগী ও সাক্ষীদের সঙ্গে পুলিশের আচরণ,তদন্তের সময় প্রক্রিয়াগত বিধি মেনে চলা এবং ইলেকট্রনিক ও ডিজিটাল প্রমাণের যথাযথ ব্যবহার নিয়েও আধিকারিকদের বাস্তবমুখী ধারণা দেওয়া হয়। অর্থাৎ, আইনের ধারা জানা থেকে শুরু করে তদন্তের নথি প্রস্তুত এবং আদালতে প্রমাণের গ্রহণযোগ্যতা বজায় রাখা সমগ্র প্রক্রিয়াটিকেই প্রশিক্ষণের আওতায় আনা হয়। আইন বিশেষজ্ঞের বক্তব্যে জোর দেওয়া হয়,নতুন ফৌজদারি আইনের সঠিক প্রয়োগ শুধু আইনের ধারা জানার মধ্যে সীমাবদ্ধ নয়; তদন্তের প্রতিটি পর্যায়ে নির্ধারিত আইনি পদ্ধতি অনুসরণ করাও সমান গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে পুলিশি তদন্ত আরও আইনসম্মত ও কার্যকর করার পাশাপাশি পুলিশ প্রশাসন এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ও আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচিকে ঘিরে পুলিশ আধিকারিক দের মধ্যে যথেষ্ট আগ্রহ ছিল। নতুন ফৌজদারি আইনের বাস্তব প্রয়োগে এই ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।