আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও ব্যাংকের কিছু পুরোনো কাগজপত্র পুড়ে গেছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ব্যাংকের নিচতলার জানালার ভাঙা কাঁচ দিয়ে ককটেল ছুড়ে মেরে আগুন ধরিয়ে দেয়। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন ব্যাংকের দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। আগুনে ব্যাংকের কিছু নথি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
আজ দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিচতলায় কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিকভাবেই দাপ্তরিক কাজ পরিচালনা করছেন। তবে এ বিষয়ে তাঁরা সাংবাদিকদের কোনো তথ্য দিচ্ছেন না।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকে ব্যাংকের বারখাইন শাখার নিচতলায় আগুন দেখতে পেয়ে দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। প্রাথমিক ধারণায় বলা হচ্ছে, নিচতলার জানালার ভাঙা কাঁচ দিয়ে ককটেল ছুড়ে মেরে আগুন দেওয়া হতে পারে। দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও কিছু নথি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গ্রামীণ ব্যাংকের বারখাইন শাখার ব্যবস্থাপক আনিক বিন রশীদ জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এটি ককটেল বিস্ফোরণ নাকি শুধু অগ্নিসংযোগ, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, গভীর রাতে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।