
আব্দুর রাজ্জাক সিনিয়র রিপোর্টার
দিনাজপুরের ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষের সন্ধান পায় পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুটি গাঁজার গাছ উদ্ধারসহ আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত অনুমান ১টার সময় উপজেলার বুলাকিপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত আবু তালেব মৃত আব্দুর রহিমের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, লোকচক্ষুর আড়ালে গোপনে গাঁজা চাষ করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে ১০-১২ জনের একটি টিম রাতে অভিযান পরিচালনা করে। আবু তালেবের বসতবাড়ির উঠানসংলগ্ন আদার জমি থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাছ দুটির একটির ওজন প্রায় ১২ কেজি এবং অপরটির ৮ কেজি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তালেব জানান, বিগত ৬-৭ মাস ধরে তিনি নিজের সেবন ও বিক্রির উদ্দেশ্যে আদা চাষের আড়ালে গাঁজার গাছ দুটি পরিচর্যা করে আসছিলেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ মাদক গাঁজা চাষের অপরাধে আবু তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
এদিকে স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন বলেন,আদা জমিতে গাঁজা চাষের এই ঘটনা আমাদের এলাকার জন্য উদ্বেগজনক। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপকর্ম করতে না পারে, সে বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়া হবে।