
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে গাঁথাছড়া বাইকার ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে হৃদয় স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আনোয়ার স্পোর্টিং ক্লাব।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাঁথাছড়া এলাকার মোটরসাইকেল চালকদের সমন্বয়ে আয়োজিত এ টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হয়।
গ্রান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনীমুখ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মমিন, লংগদু উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফজলুল হক, লংগদু উপজেলা মোটরসাইকেল মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ মুঞ্জুরুল হক এবং সাধারণ সম্পাদক বিপ্লব ইসলাম।
এসময়ে মোটরসাইকেল মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব ইসলাম বলেন, “মাদক আমাদের যুবসমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। তরুণদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। গাঁথাছড়ার চালক ভাইদের সম্মিলিত এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা চাই, চালকরা শুধু পেশাগত দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সামাজিক ও ক্রীড়াঙ্গনেও ঐক্যবদ্ধ ভূমিকা রাখুক”।
আয়োজকরা জানান, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করা এবং খেলাধুলার মাধ্যমে চালকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলা-ই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।