মো আবদুল করিম সোহাগ
শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পৌরাণিক আবহে বিশেষ একটি ফটোশুটের আয়োজন করেছেন জামির স্বপ্ন। ‘সতীর দেহত্যাগ’ ভাবনায় নির্মিত এই শিল্প-উপস্থাপনায় ভালোবাসা, সাধনা, অপেক্ষা, মিলন, অপমান ও আত্মত্যাগের গল্প তুলে ধরা হয়েছে। এতে মডেল হিসেবে কাজ করেছেন রিতু তালুকদার।
জামির স্বপ্নের পরিকল্পনায় তৈরি এই কাজটি কোনো ঐতিহাসিক বা ধর্মীয় ঘটনার হুবহু পুনর্নির্মাণ নয়। সতীর কাহিনি থেকে অনুপ্রেরণা নিয়ে সম্পূর্ণ কাল্পনিক ও শিল্পভিত্তিক উপস্থাপনা হিসেবে এটি নির্মাণ করা হয়েছে। প্রায় সাড়ে তিন মিনিটের এই আয়োজনে সতীর মহাদেবকে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে শুরু করে দীর্ঘ সাধনা ও অপেক্ষার দৃশ্য তুলে ধরা হয়েছে। এরপর আসে মহাদেবের সঙ্গে তার মিলনের মুহূর্ত, যেখানে ফুটে ওঠে ভালোবাসা ও পরিপূর্ণতার আনন্দ।
গল্পের পরবর্তী অংশে সেই আনন্দের বিপরীতে আসে অপমান ও মানসিক যন্ত্রণার আবহ। ধীরে ধীরে সেই বেদনা চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায় এবং শেষ দৃশ্যে প্রতীকীভাবে তুলে ধরা হয় সতীর দেহত্যাগ।
জামির স্বপ্ন জানান, পৌরাণিক এই কাহিনির আবেগকে নিজেদের কল্পনার সঙ্গে মিলিয়ে একটি ভিন্নধর্মী শিল্প-উপস্থাপনা করার চেষ্টা করেছেন তারা। দেহত্যাগের দৃশ্যকে কোনোভাবেই অনুকরণীয় হিসেবে দেখানো হয়নি; বরং ভালোবাসা, আত্মসম্মান ও বেদনার প্রতীকী প্রকাশ হিসেবেই বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে।
এই আয়োজনে রিতু তালুকদারের মেকওভার করেছেন এমডি জামির হোসেন খান। পোশাকের দায়িত্বে ছিল সিগনেচার রেন্টাল এবং অলংকারে গোল্ডেন গ্যালারি। চিত্রগ্রহণ করেছেন রাফিগ্রাফি। পুরো কাজটির পরিকল্পনা ও উপস্থাপনায় ছিলেন জামির স্বপ্ন।
পূজাকে ঘিরে ভিন্নধর্মী এই আয়োজনের মাধ্যমে পৌরাণিক একটি আবহকে আধুনিক শিল্পচর্চার সঙ্গে মিলিয়ে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন সংশ্লিষ্টরা।