বিনোদন ডেক্স
অভিনেত্রী আফরিন জাহান ও অভিনেতা জাহের আলভিকে জুটি করে নির্মিত হয়েছে নতুন নাটক ‘পালালে প্রেম হয়’। নাটকটির গল্প ও নির্মাণ করেছেন হারুন রশিদ। আগামী ২ অক্টোবর রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
নাটকের গল্পে দেখা যাবে, পারিবারিক নানা কারণে এক মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনাক্রমে সে এক ছেলের সঙ্গে জঙ্গলে গিয়ে আটকা পড়ে। এরপর জঙ্গলের ভেতরেই তাদের সামনে আসতে থাকে একের পর এক অপ্রত্যাশিত পরিস্থিতি ও নানা বাধা। প্রতিকূলতার মধ্যেই ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক।
তবে গল্পটি শুধু প্রেমের মধ্যে সীমাবদ্ধ নয়। জঙ্গলে যাওয়ার পর ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ও একাধিক টুইস্ট গল্পে যোগ করেছে ভিন্ন মাত্রা। শেষ পর্যন্ত তাদের সম্পর্ক কোন পরিণতি পায়, সেটিই হয়ে উঠবে নাটকের অন্যতম আকর্ষণ।
নাটকটিতে আফরিন জাহান অভিনয় করেছেন মেয়ের চরিত্রে এবং জাহের আলভি রয়েছেন ছেলের চরিত্রে। এর আগে ‘অমানুষের ভিড়ে’ নাটকে জাহের আলভির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরিন জাহান। এছাড়া ‘ফিরে আসার গল্প’ নাটকে তাকে দেখা গেছে অভিনেতা সজল নূরের সঙ্গে।
‘অমানুষের ভিড়ে’ নাটকে সমাজের অসংগতি, প্রতারণা ও নানা অনৈতিক কর্মকাণ্ডের গল্প উঠে এসেছে। অন্যদিকে ‘পালালে প্রেম হয়’-এ জাহের আলভির সঙ্গে আফরিনের জুটি হাজির হচ্ছে ভিন্নধর্মী প্রেমের গল্প নিয়ে।
ফলে একই জুটির নতুন এই কাজটি দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।