
নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস (A+) অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও মেধা পুরস্কার প্রদান করা হয়েছে।
রোববার সকাল ১১টায় খুদ্দ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক রাশেদের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পুরো ইউনিয়নের জন্য গর্বের বিষয়। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাঁদের বর্তমান সাফল্য ভবিষ্যতের বড় অর্জনের সূচনা। সততা, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আগামী দিনে তাঁরা দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, রায়পুর ইউনিয়নের শিক্ষার্থীদের শিক্ষার আলোয় এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপকূল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ এবং খুদ্দ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও এজহারুল উলুম দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা হাসান সাহেব।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।