
মো আবদুল করিম সোহাগ
হাউস অব ইয়ুথ ডায়ালগ আয়োজিত ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি (ইউএনজিএ) সেশন–২ সম্মেলনে ‘আউটস্ট্যান্ডিং ডেলিগেট’ স্বীকৃতি অর্জন করেছে আলী আদ্রীয়ান জাহেদী। ২৫ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত এ সম্মেলনে ‘স্টেট অব ইসরায়েল’-এর প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে সে এ সম্মাননা লাভ করে।
আয়োজকদের দেওয়া সনদপত্রে উল্লেখ করা হয়, সম্মেলনে তার পারফরম্যান্স, নেতৃত্বগুণ, কূটনৈতিক দক্ষতা এবং সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়েছে। পাশাপাশি তাকে একটি স্মারক ক্রেস্টও দেওয়া হয়।
আলী আদ্রীয়ান জাহেদী শৈশব থেকেই অভিনয় ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। মাত্র তিন বছর বয়সে সে প্রথম টেলিভিশন ফিকশন পকেট-এ অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করে। পরে তার বাবা চলচ্চিত্র নির্মাতা আলী জুলফিকার জাহেদীর পরিচালিত চলচ্চিত্র কাগজ – দ্য পেপার-এও অভিনয় করে।
মাত্র সাত বছর বয়সে আলী আদ্রীয়ান জাহেদী চলচ্চিত্র পরিচালনায় যুক্ত হয়। তার পরিচালিত ও অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কোভিড ২০২০ আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি অর্জন করে। রাশিয়ার দ্য কপার ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল-এ চলচ্চিত্রটি ‘অনারেবল মেনশন’ সম্মাননা লাভ করে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ওয়ার্ল্ড ইমপ্যাক্ট ফিল্ম ফেস্টিভ্যাল-এ কোভিড ২০২০ ‘বেস্ট সুপার শর্ট ফিল্ম’ বিভাগে ‘কোয়ার্টার-ফাইনালিস্ট অ্যাওয়ার্ড’ অর্জন করে।
বর্তমানে তিনি নবম শ্রেণির শিক্ষার্থী এবং কানাডিয়ান ট্রিলিয়াম ইন্টারন্যাশনাল স্কুল-এ অধ্যয়নরত।
পরিবারের সদস্যরা জানান, শিক্ষা, সংস্কৃতি, নেতৃত্ব উন্নয়ন এবং সৃজনশীল কার্যক্রমে আলী আদ্রীয়ানের অংশগ্রহণ ধারাবাহিকভাবে চলছে। সাম্প্রতিক এই অর্জনগুলো তার ভবিষ্যৎ পথচলায় নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।