সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্ণমালা হাতেখড়ি স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধন কর্ণফুলী টানেল চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ আটক ৪ ঘোড়াঘাটে প্রবাসীর মরদেহ উদ্ধার সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনস্বেচ্ছাসেবীদের মিলনমেলা সিলেটের শিক্ষার মানোন্নয়নে গুণগত পরিবর্তন আনতে হবে: বাণিজ্যমন্ত্রী হাসি,খেলা,জাদু ও আনন্দে জমজমাট শিশু দিবস উদযাপন করল মেট্রোপলিস মল হাকিমপুরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ জনকে আটক করেছে পুলিশ চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবী করা কামাল উদ্দিন পুলিশি হেফাজতে

সিলেটের শিক্ষার মানোন্নয়নে গুণগত পরিবর্তন আনতে হবে: বাণিজ্যমন্ত্রী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান,সিলেট

শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কিংবা শিক্ষার্থীদের ভর্তি বাড়ানোই শিক্ষার উন্নয়নের মাপকাঠি হতে পারে না। বরং শিক্ষার্থীরা কতটা শিখছে, কতটা দক্ষতা অর্জন করছে এবং সেই শিক্ষা কর্মজীবনে কতটা কাজে লাগাতে পারছে, তা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। সিলেটের শিক্ষাব্যবস্থার বিদ্যমান সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পাঠদক্ষতা, গণিতের সক্ষমতা, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে গুণগত পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
শনিবার ১৪ নভেম্বর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা যেমন বেশি, তেমনি কৃতী শিক্ষার্থীদের মধ্যেও মেয়েদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। এটি আশাব্যঞ্জক। তবে সামগ্রিকভাবে শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট দেশের অন্যান্য বিভাগের তুলনায় পিছিয়ে রয়েছে। ভর্তি ও পাসের হারসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতার পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে উত্তরণে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে খন্দকার মুক্তাদির বলেন, কার্যকর শিক্ষা বা ফাংশনাল লিটারেসির ক্ষেত্রেও একসময় সিলেটের অবস্থান দেশের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি ছিল। তাই শিক্ষার্থীরা শুধু প্রাতিষ্ঠানিক পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে কি না, সেটি বিবেচনা করলেই চলবে না। তারা যেন ভালোভাবে পড়তে পারে, পাঠের বিষয়বস্তু বুঝতে পারে এবং দৈনন্দিন জীবনের সাধারণ গাণিতিক সমস্যা সমাধান করতে পারে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শ্রেণিকক্ষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
দেশের বহুধারার শিক্ষাব্যবস্থার মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলা মাধ্যমের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, কিন্ডারগার্টেন ও মাদ্রাসাসহ বিভিন্ন ধারায় দেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব ধারার মধ্যে প্রয়োজনীয় সমন্বয় ও সামঞ্জস্য প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষার্থীরা যে ধারাতেই পড়াশোনা করুক না কেন, শিক্ষার মৌলিক মান ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ক্ষেত্রে তাদের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা যেন অন্তত একটি কর্মমুখী দক্ষতা নিয়ে বের হতে পারে, সে ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এতে তাদের কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হবে। শিক্ষার বিভিন্ন স্তরে সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে সিলেটকে মেধাবী, দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরির উপযোগী অঞ্চলে পরিণত করা সম্ভব হবে।
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ মোট ৬৮৬ জন শিক্ষার্থীর মধ্যে সিলেট জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102