
আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য, সন্ত্রাস ও অরাজকতার অভিযোগ এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। ৩ই অক্টোবর শনিবার বিকাল ৫ টার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম চেয়ারম্যান, তবিবুর রহমান মিনি, জেলা বিএনপির দপ্তর সম্পাদক বাপ্পি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান পিন্টু, হারুন মোল্লা, সাবেক চেয়ারম্যান নজরুল মোল্লা, আবুল কালাম আজাদ, ইলিয়াস রহমান মিঠু, বাবুল আক্তার, সোহরাব হোসেন রাজু, জুমারতলী জুম্মা, গোলাম রাব্বানী, মোজাম্মেল হক, এএইচএম আলিম, আফতাব আহমেদ, মাহবুবুর রহমান মিলন, আশরাফুজ্জামান রনি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা বা অরাজকতার মাধ্যমে দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করার চেষ্টা জনগণ মেনে নেবে না।
তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি জনগণের পাশে থাকার আহ্বান জানান।