
প্রথম ডেক্স
সাভারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘স্বর্ণ কলি আদর্শ বিদ্যালয়’-এ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় সাদা দলকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘লাল দল’।
আজ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ফাইনাল খেলায় শুরু থেকেই আক্রমণ ও প্রতি-আক্রমণে টানটান উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়। চমৎকার নৈপুণ্য দেখিয়ে লাল দল ৩টি গোল করতে সক্ষম হয় এবং সাদা দল ১টি গোল শোধ করে। খেলা শেষে জয়ী ও বিজিত উভয় দলকেই উপস্থিত দর্শক ও শিক্ষার্থীরা করতালির মাধ্যমে স্বাগত জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী জনাব হাসান মাহবুব মাস্টার। খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “খেলাধুলা গড়ে তোলে সুস্থ ও সুন্দর আগামী। শিক্ষার্থীদের মেধা বিকাশ, চরিত্র গঠন এবং শারীরিক সুস্থতার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। সাভারের যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণ কলি আদর্শ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ লুৎফর রহমান মোল্লা। তিনি বলেন, “আমাদের বিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে আসছে। আজকের এই সফল আয়োজন তারই প্রমাণ।”
খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ টুর্নামেন্টের বিজয়ী ‘লাল দল’-এর হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং ‘সাদা দল’-এর হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন। এছাড়াও টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। বিজয়ী দলের ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে আনন্দের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এই ক্রীড়া উৎসব।