বাবর মুনাফ: বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দা সাজিয়া এমদাদ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় আমুচিয়া ইউনিয়নের বিভিন্ন শ্যামা পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।
পরিদর্শনকালে তিনি মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান।
এদিকে, আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম এমদাদুল ইসলাম এমদাদের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন সৈয়দা সাজিয়া এমদাদ।
পরিদর্শন করা পূজামণ্ডপগুলোর মধ্যে রয়েছে শ্রীশ্রী শ্যামা সংঘ, উদয়ন সংঘ, একতা সংঘ, ধোরলা প্রতিকুল সংঘ, শ্রীশ্রী করুণাময়ী কালী বাড়ি, ধোরলা কালী বাড়ি, শ্রীশ্রী শ্যামা কালী বাড়ি, লক্ষ্মীর বাপের বাড়ি, খগেন্দ্র সিংহ বাড়ি ও অর্জুন প্রফেসর বাড়ি। এ ছাড়া কয়েকটি ব্যক্তিগত পূজামণ্ডপও পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন হাজী আবুল বশর, মনজুর হোসেন, অজয় দাশগুপ্ত, সুজন বিশ্বাস, লিটন সিংহ, রুবেল নন্দী, হীরক রক্ষিত, মো. সাহেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।