
প্রথম ডেক্স
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনে চট্টগ্রাম জেলা পুলিশ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে এ সভার আয়োজন করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলমের সভাপতিত্বে সভায় আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ সেফাউল হোসেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা, স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনিরাপত্তা এবং নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া আজান ও নামাজের সময় মাইক ব্যবহারে সতর্কতা অবলম্বন, গুজব ও অপপ্রচার রোধে সতর্ক থাকা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় পর্যায়ে সম্প্রীতি কমিটি গঠনের আহ্বান জানানো হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আইন নিজের হাতে না নিয়ে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করে জেলা পুলিশ।