বাবর মুনাফ, বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী সার্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর সারোয়াতলী মহাজন বাড়ি প্রদীপ সংঘের মাঠ প্রাঙ্গণে সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
উদ্বোধনী দিনের আয়োজনে ছিল জগদ্ধাত্রী মায়ের প্রতিমা উন্মোচন, অঙ্কপুরী থিম উদ্বোধন, ভক্তিভরে মাতৃবরণ ও দেবীর শুভ অধিবাস। এছাড়া ব্রতিতা দাশের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়।
তিন দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিন বুধবার (১৮ নভেম্বর) সকালে সপ্তমী, অষ্টমী ও নবমী বিহিত পূজা, ভোগ নিবেদন, সন্ধ্যায় মায়ের মহতী আরতি, কৃষাণ ঢাকী ও তাঁর দলের ঐতিহ্যবাহী ধুনুচি নাচ এবং অন্নপ্রসাদ বিতরণ করা হবে।
শেষ দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মায়ের দশমী বিহিত পূজা সমাপন, সন্ধ্যায় আরতি ও ধুনুচি নাচের পাশাপাশি রামা এবং প্রণাম ব্যান্ডের পরিবেশনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।
সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী সৌম্যজিৎ মজুমদার তিলক বলেন, শুভ চেতনার দেবীর আরাধনায় প্রতিবারের মতো এবারও মাতৃপূজার আয়োজন করা হয়েছে। অসংখ্য স্মৃতি ও আয়োজনের মধ্য দিয়ে উত্তর সারোয়াতলীর সার্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা এবার ৫০তম বর্ষে পদার্পণ করেছে। এই গৌরবোজ্জ্বল মুহূর্তের আনন্দ ভাগাভাগি করতে তিনি জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে স্বপরিবারে পূজামণ্ডপে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।
সাধারণ সম্পাদক অনুপম আইচ ছোটন বলেন, সবার অংশগ্রহণে পূজার আনন্দ ও উৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠবে। মায়ের আশীর্বাদে সবার জীবন সুখ, শান্তি ও মঙ্গলময় হোক— এটাই প্রত্যাশা।