
তরুণ বিশ্বাস,কলকাতা-
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পবিত্র তিরোধান দিবসে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশের সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার চাকলাধাম। বাবা লোকনাথের জন্মস্থান ও এই পবিত্র তীর্থক্ষেত্রে এদিন সকাল থেকেই দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অগণিত ভক্ত।
এদিন চাকলাধামে উপস্থিত হয়ে বাবার চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে পুজো দেন বিশিষ্ট নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, “হিন্দু ধর্মে তীর্থযাত্রার এক সুপ্রাচীন পরম্পরা রয়েছে। তীর্থে যাওয়ার জন্য কোনও বিশেষ আয়োজনের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু নিঃস্বার্থ ভক্তির।” চাকলাধামে এসে মানুষের মধ্যে সেই ভক্তিরই বহিঃপ্রকাশ দেখতে পেয়েছেন বলে জানান তিনি।
বাবার সেই অভয়বাণী আজও ভক্তদের হৃদয়ে অমলিন— “রণে, বনে, জলে, জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমিই তোমাদিগকে রক্ষা করিব।” দিলীপ ঘোষের কথায়, “এই বিশ্বাস আমাদের আজও পথ দেখায়। বাবার আশীর্বাদেই আমরা সুরক্ষিত এবং ভবিষ্যতেও তিনি আমাদের রক্ষা করবেন, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।”
চাকলাধাম মন্দিরের প্রেসিডেন্ট নবকুমার দাসের তত্ত্বাবধানে এদিন তিরোধান দিবস উপলক্ষে বিশেষ পুজাপাঠ ও ভক্তদের জন্য নানা আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। সকাল থেকেই ‘বাবা লোকনাথ’-এর নামে জয়ধ্বনি আর ভক্তদের উপচে পড়া ভিড়ে মন্দির চত্বর হয়ে উঠেছিল এক স্বর্গীয় উপত্যকা।
শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় এ বছরও মহিমান্বিত হয়ে উঠল বাবা লোকনাথের এই পবিত্র লীলাভূমি।