
বিপ্লব দাস:বিশেষ প্রতিনিধি -:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর মুন্সিপাড়ায় আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হবে।
লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যালেক্সের উদ্যোগে এবং সায়রা-জহির ফাউন্ডেশনের সহযোগিতায় সমাজসেবক মো. ইউনুছের গ্রামের বাড়িতে এ চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্থানীয়দের এ সেবা প্রদান করা হবে।
আয়োজনের আওতায় প্রথমে রোগীদের চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে ওষুধ ও পাওয়ার চশমা বিতরণ করা হবে।
চক্ষু পরীক্ষার মাধ্যমে যেসব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে, তাঁদের শনাক্ত করা হবে। শনাক্তকৃত রোগীদের পরবর্তী সময়ে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের মাধ্যমে নির্ধারিত সময়ে বিনা খরচে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় এলাকাবাসীকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে এ বিনামূল্যের চিকিৎসাসেবা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।