
উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট
শ্রীমঙ্গলে তীব্র গরম ও প্রখর রোদের মধ্যে চা শ্রমিকদের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছেন বিশ্বের অন্যতম চা প্রস্তুতকারী সংস্থা ইস্পাহানি’র জেরিন চা বাগানের ব্যবস্থাপক। বুধবার (১২ আগস্ট) তীব্র গরমে বাগানের চা শ্রমিকদের মাঝে নিজ হাতে লেবুর শরবত বিতরণ করেন তিনি। প্রতিদিন প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজ করা শ্রমিকদের হাতে ঠান্ডা লেবুর শরবত তুলে দেওয়ার এ উদ্যোগে তাদের মাঝে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়।
ব্যবস্থাপকের নিজ হাতে শ্রমিকদের শরবত খাওয়ানোর দৃশ্যটি ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী ও প্রশংসনীয়। এতে শুধু তৃষ্ণার্ত শ্রমিকদের সাময়িক স্বস্তিই মেলেনি, বরং ব্যবস্থাপনা ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আন্তরিকতা ও মানবিক সম্পর্কেরও সুন্দর প্রতিফলন ঘটেছে। শ্রমিকদের সঙ্গে এমন আন্তরিক আচরণ একটি প্রতিষ্ঠানে ইতিবাচক ও সুন্দর কর্মপরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেরিন চা বাগানের এ উদ্যোগকে সংশ্লিষ্টরা শ্রমিকবান্ধব ব্যবস্থাপনার একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
চা শ্রমিকদের অভিমত, যে চা বাগানের ব্যবস্থাপনা শ্রমিকদের সুখ-দুঃখ ও প্রয়োজনের প্রতি আন্তরিক থাকে, সেই বাগানের শ্রমিকরাই তুলনামূলকভাবে বেশি স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারেন। তীব্র গরমে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে জেরিন চা বাগান ব্যবস্থাপকের এ মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এমন উদ্যোগ অন্যান্য চা বাগানের ব্যবস্থাপনাকেও শ্রমিকদের প্রতি আরও মানবিক, দায়িত্বশীল ও সহমর্মী হতে অনুপ্রাণিত করবে; এমনটাই প্রত্যাশা।