
—তরুণ বিশ্বাস কলকাতা-
সড়কে একটু অসতর্কতা কখনও কখনও ডেকে আনতে পারে অপূরণীয় বিপদ। তাই গতি নয়,নিরাপত্তাকেই অগ্রাধিকার দেওয়ার বার্তা নিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬-এর শেষ দিনে গোবরডাঙায় সচেতনতা মূলক পদযাত্রার আয়োজন করল গোবরডাঙা থানা। রবিবার সকাল ১০টায় থানার সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে পিকোলা মোড় পর্যন্ত যায়। পুলিশের এই উদ্যোগে পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
পদযাত্রায় নিরাপদ পথ চলা, ট্রাফিক সিগন্যাল ও নিয়ম মেনে চলা এবং দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের উপর গুরুত্ব দেওয়া হয়। চালকদের সিটবেল্ট ব্যবহার, বাইক আরোহীদের মানসম্মত হেলমেট পরা,অতিরিক্ত গতি এড়িয়ে চলা এবং ঝুঁকিপূর্ণ ভাবে ওভারটেকিং না করার আবেদন জানানো হয়। একই সঙ্গে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো বিপজ্জনক প্রবণতা থেকে সম্পূর্ণ বিরত থাকার বার্তাও দেওয়া হয়। ৩ থেকে ৯ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে পালিত রোড সেফটি উইক–২০২৬’-এর অঙ্গ হিসেবেই এই কর্মসূচি। পরিবহণ দফতরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে পশ্চিমবঙ্গ পুলিশ,কলকাতা পুলিশ এবং বারাসত পুলিশ জেলার বিভিন্ন ইউনিটও অংশ নেয়। পুলিশের আবেদন,সড়ক শুধু যাতায়াতের জায়গা নয় এখানে প্রত্যেকের জীবনের দায়ও জড়িয়ে। তাই নিয়ম মানুন,সতর্ক থাকুন,নিরাপদে ঘরে ফিরুন।