
প্রথম ডেক্স
পবিত্র ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে কুয়েতের হিজিলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং গাউছিয়া কমিটি বাংলাদেশ কুয়েতের আহ্বায়ক কমিটির আওতাধীন হিজিল শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) হিজিল শাখার উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন নবগঠিত শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ দিদারুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিন ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব লোকমান আলি ওসমান। প্রধান আলোচক ছিলেন আলহাজ্ব মাওলানা কামরুল হাসান আল কাদেরী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন এস এম মহসিন কবির চৌধুরী। এ ছাড়া বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মোস্তফা আবেদী। পবিত্র মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন সোহাগ।
এ সময় গাউছিয়া কমিটি বাংলাদেশ কুয়েতের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রফিক, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জামাল উদ্দিন, দিদার, আনোয়ার, আরাফাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত হিজিল শাখার নেতৃবৃন্দ ও সদস্যদের পাশাপাশি গাউছিয়া কমিটি ফাহাহিল শাখা, গাউছিয়া হক কমিটি এবং আনজুমান খোদ্দামুল মুসলেমিন কুয়েত শাখার নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন। এ ছাড়া প্রবাসী মুসল্লি ও রাসুলপ্রেমী মুসলমানদের উপস্থিতিতে মাহফিলটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা পর্বে বক্তারা হযরত বড়পীর আবদুল কাদের জিলানী (রহ.)-এর জীবন, কর্ম, আধ্যাত্মিক সাধনা ও ইসলামের খেদমতে তাঁর অবদান তুলে ধরেন। তাঁরা ফাতেহা ইয়াজদাহুমের তাৎপর্য ব্যাখ্যা করার পাশাপাশি তাঁর জীবনাদর্শ অনুসরণ এবং তরিকা-ই-কাদেরিয়ার শিক্ষা ও আদর্শ ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি হাফেজ মোহাম্মদ দিদারুল ইসলামের শুভেচ্ছা বক্তব্যের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে গাউছিয়া কমিটি বাংলাদেশ কুয়েতের আহ্বায়ক মাওলানা কামরুল হাসান আল কাদেরী নবগঠিত হিজিল শাখার নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।
পরিশেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।