
—তরুণ বিশ্বাস,কলকাতা—
ইউনাইটেড জার্নালিস্ট ফোরাম কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার সাংবাদিকদের নিয়ে ১২ সেপ্টেম্বর শনিবার ২০২৬ কলকাতার মহাজাতি সদনে একটি সেমিনারের আয়োজন করে। মিডিয়া কনক্লেভ শীর্ষক সেমিনারটির প্রধান পৃষ্ঠপোষকতায় ছিল প্রেস ইনফরমেশন ব্যুরো। দুটি সময়োপযোগী উল্লেখযোগ্য বিষয় মানব পাচার”এবং “বন্ধকী শ্রমিক”নিয়ে সচেতনতার প্রসারে সাংবাদিকদের অগ্রণী ভূমিকায় থাকার জন্য তাদের নিয়েই এই সেমিনারের আয়োজন করা হয়। নলেজ পার্টনার হিসেবে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন মূলত ছিল এই বিষয়টির রূপায়নে। এই সংস্থা রাজ্যসহ এই দেশ, এমনকি অন্যান্য বহু দেশে এই বিষয়গুলির উপর সচেতনতার প্রসার চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থার পক্ষে রিচার্ড পেরিস এবং দেবর্ষি চ্যাটার্জী। এদিন মানব পাচার এবং বন্ধকী শ্রমিক বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রশাসনিক আধিকারিক শান্তনু সিনহা, সরকারি আইনজীবী রঞ্জনা চ্যাটার্জি,দ্য হিন্দু পত্রিকার আঞ্চলিক সম্পাদক শিব সহায়,প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার সুদীপ্ত চৌধুরী, ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের প্রোগ্রাম হেড সপ্তর্ষী বিশ্বাস,আধিকারিক প্রিয়া আব্রাহাম প্রমূখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিষয়গুলিকে বাউল গানের কথায় ও আঙ্গিকে পরিবেশন করেন বাউল শিল্পী গণেশ চন্দ্র রায় ও মৌমিতা পাল। এদিন দু’জন বন্ধকী শ্রমিকপ্রথা থেকে মুক্তি পাওয়া ব্যক্তিকে মঞ্চে নিয়ে আসা হয়। তারা তাদের দুরবস্থার কথা শোনান যা সত্যিই হৃদয় বিদারক। বক্তারা তাদের নিজ নিজ বক্তব্যে এই বন্ধকী শ্রমিক প্রথাকে চিরতরে দূর করা এবং মানব পাচারে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ রাখেন এবং সামাজিক তথা জনসচেতনতা বৃদ্ধির জন্য সওয়াল করেন। সাংবাদিকদের ভূমিকার কথা স্মরণ করিয়ে তাদেরও এই বিষয়ে এগিয়ে আসতে অনুরোধ জানান। সমগ্র সেমিনারটি পরিচালনায় ছিলেন ইউনাইটেড জার্নালিস্ট ফোরামের কোষাধ্যক্ষ প্রবাল কুমার চক্রবর্তী। ফোরামের সভাপতি সুমিত পালিতের সংক্ষিপ্ত কথার মধ্যে দিয়ে তিন ঘন্টার এই সেমিনার সেশনটির পরিসমাপ্তি হয়।