
তরুণ বিশ্বাস,কলকাতা—
দীর্ঘদিনের প্রতিজ্ঞা পূরণ করতে মাথা ও দাড়ি মুণ্ডন করলেন মধ্যমগ্রামের অশীতিপর সাংবাদিক, সমাজকর্মী ও শিক্ষাবিদ চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়। ৮ জুন সোমবার ২০২৬ নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি এই প্রতীকী কর্মসূচি পালন করেন। তাঁর দাবি, তৃণমূল সরকারের আমলে মছলন্দপুরের বিদ্যা সাগর পল্লীতে প্রতিষ্ঠিত তাঁর জন কল্যাণমূলক প্রতিষ্ঠান ভাঙচুর,লুঠ ও দখলের শিকার হয়। এ ঘটনায় প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন জানিয়েও তিনি সুবিচার পাননি বলে অভিযোগ করেন। চিত্ত রঞ্জন বাবু জানান,তৎকালীন অপশাসনের অবসান ও গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার প্রত্যাশায় তিনি প্রতিজ্ঞা করে ছিলেন যে তৃণমূল ক্ষমতাচ্যুত হলে মস্তক মুণ্ডন করবেন। ক্ষমতা পরিবর্তনের এক মাস পর তিনি সেই অঙ্গীকার রক্ষা করলেন। পাশাপাশি বর্তমান সরকারের কাছে তাঁর আবেদন,দখল হওয়া প্রতিষ্ঠানটি পুনরুদ্ধার করে ন্যায়বিচার নিশ্চিত করা হোক। তাঁর বক্তব্য,“ভিক্ষা নয়,মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব।”