
আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারায় ৫১টি পুকুর-জলাশয়ে রাজস্ব খাতের আওতায় ২২৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. আনোয়ার হোসেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। এতে স্বাগত বক্তব্য রাখেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, মুক্ত জলাশয়ে অবমুক্ত করা মাছের পোনা বড় হলে স্থানীয় জলাশয়গুলো আরও সমৃদ্ধ হবে। মৎস্যসম্পদ রক্ষা এবং সরকারি এ কর্মসূচির সুফল পেতে এলাকাবাসীকে সচেতন হতে হবে। পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।