
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙামাটির লংগদুতে শেষ মুহূর্তে এসে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে লংগদু উপজেলা মোটরসাইকেল চালক সমবায় সমিতি-র ত্রি-বার্ষিক নির্বাচনী প্রচারণা। নির্বাচনকে কেন্দ্র করে চালক, মালিক ও ভোটারদের মাঝে বিরাজ করছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। প্রার্থী এবং তাদের সমর্থকরা কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন।
উপজেলার বিভিন্ন স্টেশন ঘুরে দেখা গেছে, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ। চায়ের দোকান থেকে শুরু করে মোটরসাইকেল স্টেশনগুলোতে এখন একমাত্র আলোচনার বিষয়—কে হচ্ছেন সমিতির আগামী দিনের কর্ণধার। এবারের নির্বাচনে সভাপতি পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে সাবেক সহ-সভাপতি মোঃ মঞ্জুরুল হক ও আনারস প্রতীক নিয়ে সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দীন লড়ছেন। এচাড়াও সাধারণ সম্পাদক পদে টিউবওয়েল নিয়ে লড়ছেন তরুণ প্রজন্মের প্রতিবাদী কন্ঠস্বর ও গণমাধ্যম কর্মী মোঃ বিপ্লব ইসলাম ও মাছ নিয়ে নূরুল হক ও আমির হোসেন-অটোরিকশা, যুগ্ম সম্পাদক পদে ইমরান হোসেন- মোবাইল ও জাহিদুল ইসলাম- বাইসাইকেল, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহীন- দেওয়াল ঘড়ি, নয়ন মিয়া-হরিন ও শরীফুল ইসলাম- ভ্যানগাড়ি, কোষাধ্যক্ষ পদে আবু হানিফ- তালগাছ ও আল ইসলাম রাজু-দোয়াত কলম, প্রচার সম্পাদক পদে শহিদুল ইসলাম-চশমা ও ফোরকান- টেবিল প্রতীক নিয়ে লড়ছে। নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদেও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক্ষেত্রে সহ-সভাপতি পদে অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে মই প্রতীক নিয়ে আঃ করিম।তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন প্রত্যাহার করায় বর্তমানে একক প্রার্থী হিসেবে রয়েছেন আঃ করিম।
সাধারণ ভোটাররা জানান, তারা এমন নেতৃত্ব বেছে নিতে চান যিনি চালকদের সুখে-দুঃখে পাশে থাকবেন, স্টেশনের শৃঙ্খলা বজায় রাখবেন এবং প্রশাসনের সাথে সমন্বয় করে মোটরসাইকেল চালকদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবেন। বিশেষ করে পাহাড়ের আঁকাবাঁকা ও দুর্গম সড়কে যাত্রী সেবার মান বাড়াতে ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে যোগ্য প্রার্থীর কোনো বিকল্প নেই।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম মুরাদ জানিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য প্রশাসনের সহযোগিতায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
ভোটের বাকী আর দুই দিন। এখন শুধু অপেক্ষা ভোটের দিনের। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কার গলায় উঠবে বিজয়ের মালা, তা দেখতে মুখিয়ে আছেন লংগদু উপজেলার সাধারণ মানুষ ও চালক সমাজ।