
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা ও কার্যক্রম নিয়ে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) সংসদীয় আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি।
তিনি শনিবার (১২ সেপ্টেম্বর ) সকালে এই পরিদর্শনে আসেন এবং বিশেষ সভায় অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাসপাতালের চিকিৎসাসেবার মান, অবকাঠামোগত অবস্থা, বিদ্যমান সমস্যা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
এ সময় জনগণের জন্য উন্নত, কার্যকর ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন সাংসদ।
সভায় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রিদুয়ানুল ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আনোয়ারা–কর্ণফুলীর মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।