
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত এলাকায় সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে দখল করে মাছের ঘের, দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পারকি সমুদ্র সৈকত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানকালে সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে দখল করে নির্মাণ করা দোকান ও অন্যান্য স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
এ ছাড়া পারকি সমুদ্র সৈকতে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করায় দুই আরোহীকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, পারকি সমুদ্র সৈকতের মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় প্রতিদিন চট্টগ্রামসহ বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা আসেন। পর্যটকদের চাহিদা মেটাতে সৈকত এলাকায় বিভিন্ন দোকান গড়ে উঠেছে। তবে কিছু ব্যক্তি ও চক্র সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন।
তিনি বলেন, ‘অবৈধভাবে নির্মাণ করা স্থাপনাগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ ও সতর্ক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নিলে অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ জনস্বার্থে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সৈকতের পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।