
নয়ন নাথ, ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়িতে সহকারী কমিশনার (ভূমি) ও ভূজপুর থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্যাহ ও ভূজপুর থানা পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় চোলাই মদ সেবন করে মাতলামির দায়ে মো. নুরু (৫১), মো. আবছার (৪৯) ও সুজন কুমার ত্রিপুরা (২৮) এবং গাঁজা সেবনের দায়ে মহিন উদ্দিন ইবনে ফারাইজ মিনহাজ (২০)-কে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় নুরু, আবছার ও সুজন কুমার ত্রিপুরাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা এবং মহিন উদ্দিন ইবনে ফারাইজ মিনহাজকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
অন্যদিকে ভূজপুর থানা পুলিশের পৃথক অভিযানে পূর্ব হাসনাবাদ এলাকা থেকে মো. ইসমাইল হোসেন রুবেল প্রকাশ বাদশা (২৯) ও কাজী আলমগীর (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় ইসমাইল হোসেন রুবেলের হেফাজত থেকে ৫১ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যা ৭টার দিকে নাজিরহাট পৌরসভার চুরখারহাট সড়কে অভিযান চালিয়ে মো. সেলিম (৪৫) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ২০ আগস্ট বিকেল ৫টা থেকে ২১ আগস্ট সকাল ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে মাদক মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে ভ্রাম্যমাণ আদালতে মোট আটজনকে আটক করা হলে চারজনকে সাজা ও জরিমানা এবং চারজনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়। এ ছাড়া চুরি মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে একটি সিআর সাজা পরোয়ানা তামিল এবং দুটি সিআর পরোয়ানা রিকল করা হয়েছে। ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে-এর নেতৃত্বে এসআই মোহাম্মদ নুরুল ইসলাম, এসআই মো. মাহবুব আলম, এসআই মো. মুন্নাফ হোসেন, এসআই মো. নফিল উদ্দিন, এএসআই মো. মহসিন মিজি, এএসআই মো. জাকারিয়া রোমানসহ পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।