
নয়ন নাথ, ফটিকছড়ি
জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
গত ৬ আগস্ট ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা।
এর আগে তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ভূমি অফিসে একই পদে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখার ৩ আগস্টের এক প্রজ্ঞাপনে রহমত উল্লাহকে ফটিকছড়িতে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে সরকারি দাবি আদায় আইন, ১৯১৩-এর ৩(৩) ধারা অনুযায়ী ভূমি-সংক্রান্ত সরকারি পাওনা আদায়ের ক্ষেত্রে তাঁকে সার্টিফিকেট অফিসারের ক্ষমতাও দেওয়া হয়েছে।
নোয়াখালীর হাতিয়া উপজেলার সন্তান রহমত উল্লাহ ছাত্রজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখে ৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে কর্মকর্তা হিসেবে নিয়োগ পান।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ‘সরকারি দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও জনবান্ধব মনোভাবকে সর্বোচ্চ গুরুত্ব দেব। ভূমি অফিসের সেবা সহজ করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’
নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগ দেওয়ায় ফটিকছড়ির ভূমিসেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।