—তরুণ বিশ্বাস,কলকাতা—
দীর্ঘদিন ধরে বিচারাধীন চেক সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি এবং সাধারণ মানুষের কাছে সহজে ন্যায়বিচার পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশেষ লোক আদালতের আয়োজন করল উত্তর ২৪ পরগনা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ডিএলএসএ। শুক্রবার বারাসতে অবস্থিত বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের এডিআর সেন্টার সম্মেলন কক্ষে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট বা এনআই অ্যাক্টের অধীন বিচারাধীন মামলাগুলিকে কেন্দ্র করে এই বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হয়।
এই উদ্যোগে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা বিচারক তথা ডিএলএসএ-র চেয়ারম্যান সুকুমার রায় এবং কর্তৃপক্ষের সচিব মহম্মদ নূরজামান খান।
জেলা বিচারক সুকুমার রায় জানান,বিশেষ লোক আদালতকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ও আগ্রহ দেখা গিয়েছে। মামলাকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উদ্যোগের গুরুত্ব ও গ্রহণযোগ্যতাকে তুলে ধরেছে। তাঁর আশা,এই ব্যবস্থার মাধ্যমে বহু মানুষ দীর্ঘদিনের আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার সুযোগ পাবেন।ডিএলএসএ-র সচিব মহম্মদ নূরজামান খান জানান,মূলত চেক প্রত্যাখ্যান সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তির উদ্দেশ্যেই এই বিশেষ লোক আদালতের আয়োজন। ব্যাঙ্কে জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থের অভাব কিংবা অন্য কোনও কারণে চেক প্রত্যাখ্যাত হলে এনআই অ্যাক্ট অনুযায়ী মামলা হতে পারে। এই আইনে সংশ্লিষ্ট মামলাগুলি আপসযোগ্য হওয়ায় উভয় পক্ষের পারস্পরিক আলোচনা ও সম্মতির ভিত্তিতে বিরোধ মিটিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। বিশেষ লোক আদালত সেই সমঝোতার পথকে আরও সহজ করে তুলেছে দীর্ঘসূত্রতা, সময়ের অপচয় এবং আইনি খরচের বোঝা কমিয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধের নিষ্পত্তি করাই লোক আদালতের অন্যতম উদ্দেশ্য। ডিএলএসএ-র এই উদ্যোগে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার গুরুত্ব আরও একবার স্পষ্ট হল। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে দ্রুত,সহজলভ্য ও সাশ্রয়ী বিচারব্যবস্থা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ লোক আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।