
প্রথম ডেস্ক
বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী সরকারি ও বেসরকারি সকল অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংকিং সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। চারটায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। এ ছাড়া দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে হবে। তবে হোটেল, ফার্মেসি, জরুরি সেবার দোকান এবং কাঁচাবাজার এই নির্দেশনার বাইরে থাকবে।
গতকাল বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু হয় এবং প্রায় তিন ঘণ্টা ধরে চলে। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৈঠকের সিদ্ধান্ত জানান।
নাসিমুল গনি জানান, শিক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রণালয় বিভিন্ন পর্যায়ে যে চাহিদা রয়েছে তা বিবেচনা করে আগামী রবিবার থেকে আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে।
তিনি আরও জানান, সরকারি কিছু ব্যয় হ্রাস করা হচ্ছে। আগামী তিন মাস পর্যন্ত সরকারি কোনো নতুন যানবাহন, জলযান, আকাশযান বা কম্পিউটারসামগ্রী কেনা হবে না।
’অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমিয়ে আনা হয়েছে। সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে সরকারের ব্যয় আরও ৩০ শতাংশ কমানো হয়েছে। ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ হ্রাস করা হয়েছে।’ যোগ করেন তিনি।