
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙামাটির লংগদুতে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নের অংশ হিসেবে আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাঙ্গামাটি এর নির্দেশক্রমে ও উপজেলায় আনসার -ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৪.০০ ঘটিকার সময় রাঙ্গামাটি জেলা কমান্ড্যান্ট এর সার্বিক দিক নির্দেশনায় দেশব্যাপী রোপণ কর্মসূচি আওতায় উপজেলার বাইট্টাপাড়া আনসার ও ভিডিপি ক্লাব/ সমিতি এবং সঞ্জীবন প্লাটুন কেন্দ্রের পতিত জমি, প্রতিষ্ঠানের আঙিনায় এবং সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
একই সাথে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন বাহিনীর স্থানীয় সদস্যগন।
এসময়ে উপজেলা প্রশিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ, সাধারণ আনসার পিসি মোঃ ওসমান গনি হিল ভিডিপির প্লাটুন কমান্ডার এরশাদ আলী, জামাল হোসেন ও ইউনিয়ন কমান্ডার শরীফুল ইসলাম সহ বাহিনীর ভাতাভোগী সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।
আনসার ও ভিডিপি সূত্র জানায়, জলবায়ুর বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।রোপণকৃত গাছগুলো যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য স্থানীয় আনসার ও ভিডিপির মাঠপর্যায়ের সদস্যদের নিয়মিত দেখাশোনা ও পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা প্রশিক্ষক মোহাম্মদ আমান উল্ল্যাহ বলেন, গাছ কেবল আমাদের ছায়া ও ফল দেয় না, বরং পরিবেশের ভারসাম্য ধরে রাখতে এর ভূমিকা অপরিসীম।