
আনোয়ারা ( চট্টগ্রাম ( প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তাসফিয়া খানম ইভা ওই এলাকার মো. ইসমাইল ও জাহানারা বেগমের মেয়ে। তিনি বারশত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় গ্রাম পুলিশ মুসলেম উদ্দিন জানান, ইভার মা ঘরের বাইরে উঠানে কাজ করার সময় সে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে মা কাজ শেষে ঘরে ঢুকতে গেলে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। এ সময় এলাকাবাসীকে জানালে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।