
আসির ফয়সাল, সন্দ্বীপ
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ মাদকের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
আজ ০৩ জুলাই (শুক্রবার) সকাল ৯:০০টা থেকে বেলা ১১:৩০টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপজেলার তালতলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দ্বীপ থানা পুলিশ ও স্থানীয় জনগণ সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
অভিযান চলাকালে ইয়াবাসহ ২ (দুই) জনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে শুনানি শেষে ইয়াবা ট্যাবলেট সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ এবং মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী অফিসার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা যুবসমাজ ও সামগ্রিক সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তাই মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত থাকবে।
সন্দ্বীপ উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করবে। একই সঙ্গে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।