
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী এলাকার ব্যস্ততম সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। চলমান উন্নয়নকাজের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ দখল করে রাখায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।
জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতেই চাতুরী চৌমুহনী সি ইউ এফ এল সড়কে পানি জমে যায়। এতে সড়কটি অনেকটা খালের মতো রূপ নেয়, ফলে পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয় ও পথচারীদের অভিযোগ, বাজারের কাঁচামাল ব্যবসায়ীরা সড়কের একাংশ দখল করে ব্যবসা পরিচালনা করছেন। পাশাপাশি ময়লা-আবর্জনা ও পচা সবজি সড়কের ওপর ফেলে রাখার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে অল্প বৃষ্টিতেই সড়কজুড়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেখতে খাল মনে হলেও, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। মাত্র ৪-৫ মিনিটের বৃষ্টিতেই যদি এমন অবস্থা হয়, তাহলে দীর্ঘ সময় বৃষ্টি হলে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে, তা সহজেই অনুমেয়।”
তারা দ্রুত সড়ক দখলমুক্ত করা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন।
সচেতন মহলের মতে, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বাড়বে এবং জনজীবনে মারাত্মক প্রভাব ফেলবে।