
আনোয়ারায় শিল্পপ্রতিষ্ঠানে নিয়োগে স্বচ্ছতা ও স্থানীয়দের অগ্রাধিকার দাবিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের একাংশ।
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গড়ে ওঠা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার দাবিতে এক জরুরি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকাল ৪টায় আনোয়ারা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। আনোয়ারা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ব্রিফিংয়ে বক্তারা বলেন, আনোয়ারায় প্রতিষ্ঠিত শিল্পকারখানাগুলোতে স্থানীয় যোগ্য প্রার্থীরা প্রত্যাশিত অগ্রাধিকার পাচ্ছেন না। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব থাকায় এলাকার শিক্ষিত ও কর্মক্ষম যুবসমাজ বঞ্চিত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
এ প্রেক্ষিতে আনোয়ারার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো আনোয়ারা উপজেলায় অবস্থিত সকল শিল্পপ্রতিষ্ঠানে স্থানীয় যোগ্য প্রার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে সকল স্তরে নিয়োগ নিশ্চিত করা; নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, ন্যায্য ও জবাবদিহিমূলক করা এবং কোনো ধরনের সুপারিশ, তদবির বা লবিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধ রাখা; সকল নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশ করা; শিল্পপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব, দখলদারিত্ব ও সিন্ডিকেটমুক্ত রাখা; এবং চাকরির বয়সসীমা সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায়, আনোয়ারার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন।
এসময় সংগঠনের সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আসিফুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে মূখ্য আলোচক ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমান।
এতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম দিদার ও মোঃ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আসিফুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল হামিদ শাকিল, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ আকিব রায়হান, সহ-প্রচার সম্পাদক হাফেজ আবদুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।