শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে নিয়মিত ফুটবলসহ সব ধরনের খেলাধুলা চালুর আহ্বান বাণিজ্যমন্ত্রীর কালীগঞ্জে সুদীন্দ্রনাথ ঘোষ (মানু) ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান মৃত্যুর পরও অনিরাপদ যাত্রা, সেতুর অভাবে নৌকায় লাশ পারাপার সমীরণ বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় সিলেটে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান বোয়ালখালীতে ইসলাম মাওলার ৪৪তম ওরস ১৪ ডিসেম্বর আনোয়ারায় চা না দেওয়ায় তর্ক, মারধরে বৃদ্ধের মৃত্যু চন্দনাইশের বিশিষ্ট সমাজসেবক মোঃ মাহফুজুল হক এর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পটিয়ার জিরি গ্রামের স্বর্গীয় অমূল্য রঞ্জন নাথ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মৃত্যুর পরও অনিরাপদ যাত্রা, সেতুর অভাবে নৌকায় লাশ পারাপার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি:

‎মৃত্যুর পরও যেন ভোগান্তি পিছু ছাড়ল না ৬৫ বছর বয়সী বৃদ্ধ জাগের আহমদের। জরাজীর্ণ বাঁশের সাঁকো দিয়ে খাটিয়া পার করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত নৌকায় করে খাল পেরিয়ে ওপারে নিয়ে দাফন করতে হলো তার মরদেহ।

‎শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামের সাপমারা খালে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয়দের চোখে যা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং যুগের পর যুগ ধরে চলা অবহেলার এক নির্মম প্রতিচ্ছবি।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সরেঙ্গা গ্রামের বাসিন্দা জাগের আহমদ(৬৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। জানাজা ও দাফনের জন্য তার মরদেহ খাটিয়ায় করে সাপমারা খালের ওপারে পারিবারিক কবরস্থানে নেওয়ার উদ্যোগ নেন স্বজনরা। কিন্তু খালের ওপর কোনো পাকা সেতু না থাকায় এবং একমাত্র বাঁশের সাঁকোটি অত্যন্ত নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি দিয়ে মরদেহ পার করা অসম্ভব হয়ে পড়ে। নিরুপায় হয়ে এলাকাবাসী খালের পানিপথে নৌকায় করে মরদেহটি পার করেন এবং ওপারের কাদামাটি পেরিয়ে কবরস্থানে নিয়ে যান। পরে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

‎এলাকাবাসীর অভিযোগ, সাপমারা খালের ওপর একটি সেতু না থাকায় রায়পুর ও জুঁইদন্ডী ইউনিয়নের অন্তত ছয়টি গ্রামের প্রায় অর্ধলাখ মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। প্রতিদিন শিক্ষার্থী ও সাধারণ মানুষকে জীবনবাজি রেখে এই ঝুঁকিপূর্ণ সাঁকো পার হতে হয়। কোনো রোগীকে জরুরি ভিত্তিতে উপজেলা বা শহরের হাসপাতালে নিতে হলে পোহাতে হয় অবর্ণনীয় কষ্ট। এ অঞ্চলের মানুষের আয়ের অন্যতম প্রধান উৎস মৎস্য খাত। যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ায় মাছ পরিবহন ও ব্যবসা-বাণিজ্য চরমভাবে ব্যাহত হচ্ছে, যার ফলে থমকে আছে এলাকার আর্থসামাজিক উন্নয়ন।

‎সরেঙ্গা গ্রামের বাসিন্দা আহমদ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাঁকোটি এতটাই নড়বড়ে যে খাটিয়া নিয়ে পার হওয়া যায় না। বাধ্য হয়ে মুরব্বির লাশ নৌকায় পার করতে হলো। এই সেতুর দাবিতে অতীতে যারা আন্দোলন-সংগ্রাম করেছিলেন, তাদের অনেকেই আজ বেঁচে নেই; তবুও আমাদের প্রাণের দাবি পূরণ হয়নি।”

‎রায়পুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, কয়েক যুগের পুরোনো এই সাঁকোর জায়গায় সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে বহুবার ধরনা দিয়েও কাজ হয়নি। সেতুর অভাবে নৌকায় করে লাশ পারাপারের মতো মর্মান্তিক দৃশ্য এখানে প্রায়ই দেখতে হয়।

‎দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে সম্প্রতি আশার আলো দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর সুপারিশে সাপমারা খালের ওপর সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

‎রায়পুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইসমাইল বিন মনির বলেন, “অতীতে বারবার আশ্বাস দিয়েও কাজ না হওয়ায় মানুষ এখন আর কোনো কথায় বিশ্বাস রাখতে চায় না। তবে সেতুটির অনুমোদন হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রী ও নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। দ্রুত দৃশ্যমান কাজ শুরু হলেই এলাকাবাসীর দীর্ঘদিনের দুঃখ-কষ্ট মুছে যাবে।”

‎এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. রাকিব হোসাইন বলেন, “সেতুটি নির্মাণের অনুমোদন ইতিমধ্যে পাস হয়েছে। যাচাই-বাছাইয়ের জন্য আমরা মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। সরেজমিনে সেতুর পরিমাপ ও অবস্থান নির্ধারণ করে দ্রুতই মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে। আশা করছি, খুব শিগগিরই এর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে।”

ভুক্তভোগী এলাকাবাসীর একটাই দাবি—ফাইলবন্দী না রেখে দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষ করে অবিলম্বে সেতুটির নির্মাণকাজ শুরু করা হোক, যাতে আর কোনো মরদেহকে এভাবে নৌকায় করে খাল পার হতে না হয়।

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102