
আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
“শিক্ষা বৃত্তি বাল্যবিবাহ বন্ধে সহায়ক” এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ কালীগঞ্জে ‘হিরো উমেন স্কলারশিপ’ বিতরণ করা হয়েছে।
২ই এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পাট কর্মকর্তা ফারুক হোসেন এবং বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান মিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহজাহান আলী বিপাশ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা বৃত্তি শুধু শিক্ষার প্রসারই নয়, বাল্যবিবাহ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সহায়ক।
হিরো উমেন স্কলারশিপের আওতায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৪৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে স্কুল পর্যায়ের ১৮ জন এবং কলেজ পর্যায়ের ২৭ জন শিক্ষার্থী রয়েছে।
স্কুল পর্যায়ের প্রতিটি শিক্ষার্থীকে মাসিক ৫০০ টাকা এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা করে এ বৃত্তি প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।