
প্রথম ডেক্স
চট্টগ্রাম বন্দরে ‘কনসাইনি বিল ফর কনটেইনার’ শতভাগ অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধের বাধ্যবাধকতা এক মাস পিছিয়েছে। আগে ১ অক্টোবর থেকে এ ব্যবস্থা কার্যকর হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা কার্যকর হবে ১ নভেম্বর থেকে।
বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বন্দরের সেবা কার্যক্রম দ্রুততর, আধুনিক ও সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইন ব্যাংকিংয়ের পাশাপাশি পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমেও কনসাইনি বিল পরিশোধ করা যাবে। তবে ১ নভেম্বর থেকে পে-অর্ডার বা রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে কোনো বিল গ্রহণ করা হবে না।
এর আগে ২৩ সেপ্টেম্বর থেকে পে-অর্ডার বন্ধ করে ডিজিটাল পেমেন্ট চালুর উদ্যোগ নেওয়া হলে এর প্রতিবাদে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়ন ও মালিক সমিতি চার ঘণ্টার ধর্মঘট পালন করে। পরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে বিল পরিশোধের সুযোগ রাখা হয়।
একই সময়ে ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের সুবিধা বহাল রাখার দাবিতে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করে। পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষ ও অ্যাসোসিয়েশনের বৈঠকে ডিজিটাল পেমেন্টের পাশাপাশি রিভলভিং অ্যাকাউন্ট চালু রাখার সিদ্ধান্ত হয়।
এদিকে বন্দরের অনলাইন সিস্টেমের সঙ্গে সোনালী ব্যাংকের কারিগরি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ফলে সোনালী ব্যাংকের অনলাইন গেটওয়ে ব্যবহার করে বন্দরের যেকোনো বিল অনলাইনে পরিশোধ করা যাবে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ডিজিটাল ব্যবস্থায় বিভিন্ন ব্যাংকিং মাধ্যম, মোবাইল ও অনলাইন ব্যাংকিং এবং ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধের সুযোগ থাকবে। সিএন্ডএফ এজেন্ট, কনসাইনি ও বন্দর ব্যবহারকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় বিল পরিশোধের জন্য প্রস্তুত হওয়ার অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
এবিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম বলেন, “কনসাইনি বিল পরিশোধে অনলাইন ব্যাংকিং ব্যবস্থা চালুর সময় এক মাস পিছিয়ে ১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইন ব্যাংকিংয়ের পাশাপাশি পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে বিল পরিশোধ করা যাবে। ১ নভেম্বর থেকে পে-অর্ডার ও রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে বিল গ্রহণ করা হবে না।”