আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে মারধরের ঘটনায় মো. নাসির (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না রোডের মাথায় সাজিদ স্টোর নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।
নিহত নাসির বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আফাজউল্লাহ মাঝির এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আমিন শরীফ। তিনি স্থানীয় একটি বাসাবাড়ির দেখাশোনার দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সাজিদ স্টোরে চা পান করতে যান নাসির। এ সময় দোকানদার তাঁকে চা নেই বলে জানান। পরে অন্য এক ব্যক্তি দোকানে এসে চা চাইলে তাঁকে চা দেওয়া হয়। বিষয়টি নিয়ে নাসির দোকানদারের কাছে জানতে চাইলে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে দোকানদারের ছেলে মো. ইকবাল (২৫) তাঁকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মহিম বলেন, ‘চা দেওয়া নিয়ে প্রথমে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। নাসিরকে চা নেই বলার পর অন্য একজনকে চা দেওয়া হলে তিনি বিষয়টি জানতে চান। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তাঁকে কিল-ঘুষি মারা হয়। পরে বিষয়টি মীমাংসাও হয়ে যায়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে সরেজমিনে তদন্ত করছি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখে প্রকৃত ঘটনা তুলে ধরার চেষ্টা করছি।’