মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
সময় মতো কাপ্তাই হ্রদের পানি না কমাতে বিপাকে পড়েছেন কাপ্তাই লেক তীরবর্তী রাঙ্গামাটির লংগদু উপজেলার হাজারো কৃষক। বোরো ধান, সরিষা, তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফসলের চাষিরা এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন। স্থানীয় কৃষকদের মতে, এমন পরিস্থিতির কারণে গত বছরও তারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ এমএসএল এবং বিপৎসীমা ১০৮ এমএসএল। সর্বশেষ গত সেপ্টেম্বরে পানি ১০৫.৫১ এমএমএস ওঠার পর কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হয়েছিল; তখন পানি স্বাভাবিকের চেয়ে কমে যাওয়ায় হ্রদের বিভিন্ন অংশে চর জেগে ওঠে। কিন্তু গত সপ্তাহে কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে আবারও পানি বৃদ্ধি পায়। যার ফলে অনেক কৃষকের বীজতলা ডুবে যায়। যেখানে এ সময়ে পানি কমতে থাকার কথা, সেখানে উল্টো পানি বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও ডিপুরমুখ এলাকার তরমুজ চাষিরা জানান, তারা বিভিন্ন ভাবে ঋণ নিয়ে চাষাবাদে নেমেছেন। কেউ কেউ দুই থেকে তিন লাখ টাকা দিয়ে জমি লিজ বা ভাড়া নিয়েছেন, আবার অনেকে আড়ত থেকে এক থেকে দুই লাখ টাকা দাদন নিয়ে চাষাবাদ শুরু করেছিলেন। তারা বলেন, যখন এ সময়ে পানি কমে বীজতলা তৈরির কাজ সম্পন্ন হওয়ার কথা, সেখানে পানি উল্টো বেড়ে গিয়ে বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত সময়ে পানি আরও পাঁচ ফুট কমিয়ে কৃষকদের বাঁচানোর আকুতি জানিয়েছেন খেটে খাওয়া এসব মানুষ।
উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান বলেন, গত বছরেও লংগদু উপজেলার অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বছরও আগামী কিছুদিনের মধ্যে পানি না কমলে বিপদে পড়তে হবে এসব এলাকার খেটে খাওয়া কৃষকদের। ইতোমধ্যে সরিষা, বোরো ধানসহ অনেক কৃষক তাদের বীজতলা প্রস্তুত করতে পারেননি। কৃষকদের বাঁচাতে দ্রুত পানি কমানো দরকার। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেছি।
এবিষয়ে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, পানি কমানোর বিষয়টি এখন আর আমার হাতে নেই; পানি যেভাবে কমছে, সেভাবেই কমতে থাকবে। কৃষকদের ক্ষতির বিষয়ে তিনি বলেন, গত বছর এ সময়ে পানি ছিল ১০৬ এমএসএল, বর্তমানে পানি আছে ১০০ এমএসএল, তাহলে পানিতো কম আছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, কাপ্তাই হ্রদের পানি দ্রুত সময়ে কমে যাবে। বৃষ্টির কারণে পানি বেড়ে যাচ্ছিল বিষয়টি এইমাত্র জেনেছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
#
মোঃ এরশাদ আলী
লংগদু প্রতিনিধি
০১৫৫৬৭৪৭২৩৯